কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন উপজেলা সুপারভাইজার (একাডেমিক) তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শামছুজ্জামান আসিফ, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া, জামায়াতে ইসলামীর উপজেলা আমির আবুল হাশেম, এনসিপির প্রধান সমন্বয়ক আহমেদ শফি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, বিএনপি নেতা আব্দুস ছালাম কেরন, এইচ. আর. নাজিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম (জহির) এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
সভায় বক্তারা নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগের আদর্শ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে থেকে তাদের কল্যাণে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply