দিগন্ত ডেক্স : রাজশাহী নগরীর কোর্ট এলাকায় মিশন স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশের পর এক শিক্ষার্থী ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে নগরের বুলনপুর এলাকার মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত ফারিনা আজিবা ঝিলিক (১৩) ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে নগরের সুফিয়ানের মোড় এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। তার বাবা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সিটিএসবি শাখায় কর্মরত।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকালে শ্রেণিকক্ষে অর্ধবার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করা হচ্ছিল। ফল প্রকাশের পর ঝিলিক শৌচাগারে যাওয়ার কথা বলে তৃতীয় তলার শ্রেণিকক্ষ থেকে বের হয়ে পাশের ছয়তলা ভবনে যায়। পরে ভবনের বারান্দা থেকে নিচে লাফ দেয়।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুরো ঘটনাটি বিদ্যালয়ের ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরায় ধারণ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি আবুল কালাম আজাদ বলেন, পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মইনুল ইসলাম জানান, ঝিলিক দীর্ঘদিন ধরে টিউবারকুলার মেনিনজাইটিস রোগে ভুগছিল। মাঝে মধ্যেই সে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ত। তখন তার মা এসে তাকে নিয়ে যেতেন।
তিনি বলেন, ঘটনার আগে শ্রেণিকক্ষে অর্ধবার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করা হয়। সে তুলনামূলক ভালো ফলও করেছিল। তার রোল নম্বর ৬১ হলেও ফলাফলে সে ৩০তম স্থান অর্জন করে।
এদিকে শিক্ষার্থীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
আরএমপি এক বিবৃতিতে জানায়, শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে। প্রাথমিক তদন্ত, সুরতহাল প্রতিবেদন ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে এ ঘটনায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ড, তৃতীয় পক্ষের সম্পৃক্ততা বা সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়নি।
আরএমপির দেয়া তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ১০টা ৫৭ মিনিটে স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীটি নিজেই সিঁড়ি বেয়ে ভবনের ষষ্ঠ তলায় উঠে। এরপর সেখান থেকে লাফ দেয়। ভবনে ওঠা থেকে নিচে পড়ে যাওয়ার পুরো ঘটনাই সিসিটিভি ফুটেজে ধারণ রয়েছে।
আরএমপি গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
Leave a Reply