দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন, আদিবাসীদের ভাষা পাঠ্য বইয়ে অন্তর্ভুক্তকরণসহ বিভিন্ন দাবি জানিয়েছে নেত্রকোনার দুর্গাপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওয়াইডব্লিউসিএ, ওয়াইএমসিএ, কারিতাস ও বাংলাদশে জাতীয় হাজং সংগঠন এর আয়োজনে আদিবাসী দিবস উপলক্ষে, রবিবার (০৯ আগষ্ট) বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আদিবাসী নেত্রী লুদিয়া রুমা সাংমা লিখিত বক্তব্যে বলেন, দেশের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সমতলের আদিবাসীদের উন্নয়ন, অধিকার ও ভূমি রক্ষায় পৃথক মন্ত্রণালয় এবং স্বাধীন ভূমি কমিশন গঠন, পাঠ বইয়ে ভাষা অন্তর্ভুক্তকরণের পাশাপাশি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭ (৮) ধারার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং বলেন, দখলি শর্তে খাসজমি, বসতভিটা, কবরস্থান ও পুকুর আদিবাসীদের নামে প্রদান করতে হবে। বনায়নের নামে আদিবাসীদের জমি বন বিভাগের দখল ও মামলা-হয়রানি থেকে মুক্ত করতে হবে। আদিবাসী অধ্যুষিত এলাকায় কোনো উন্নয়ন প্রকল্প নেওয়ার আগে সংশ্লিষ্ট আদিবাসীদের সঙ্গে আলোচনা করতে হবে। আদিবাসীদের দখলী ভুমি তাদের ফিরিয়ে দেয়ার দাবী জানান তিনি।
শিক্ষাক্ষেত্রে প্রতিটি আদিবাসী জাতিসত্তার নিজস্ব ভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়। সেইসাথে উচ্চশিক্ষা ও চাকরিতে আদিবাসীদের জন্য কোটা সংরক্ষণ, সাহিত্য ও সংস্কৃতি সংরক্ষণ ও চর্চার জন্য আদিবাসীদের মধ্য থেকে জনবল নিয়োগ এবং আদিবাসী ও সংখ্যালঘু কমিশন গঠনের দাবিসহ সংরক্ষিত আসনে অন্তত: ২টি আদিবাসী নারী আসনের ব্যবস্থা রাখার দাবি জানানো হয়।
কারিতাস উন্নয়নকর্মী সুলগ্না রেমা বলেন, আন্তর্জাতিক আইনের বাস্তবায়ন, আদিবাসীদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হত্যা, ধর্ষণ, নিপীড়নসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তাদের নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
এসময়, জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, ওয়াইডব্লিউসিএ‘র সাধারণ সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, ওয়াইএমসি‘র সাধারণ সম্পাদক সাইমন এ্যান্টনী সাংমা, কারিতাস উন্নয়নকর্মী সুলগ্না রেমা, ওয়াইডব্লিউসিএ‘র প্রোগ্রাম অফিসার শারদী মৌরশী ঘাগ্রা, কমিউনিটি অর্গানাইজার ডেনী কসবিয়া দিও সহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply