নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে তাঁর নির্বাচনি এলাকার অন্তর্গত কলমাকান্দা উপজেলার হাজং উপজাতি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার প্রতিনিধিদলের সদস্যদের খোঁজখবর নেন এবং আন্তরিক কুশল বিনিময় করেন। তিনি বলেন, তাঁর নির্বাচনি এলাকায় বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ যাতে জাতীয় সংসদ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা অর্জন করতে পারেন, সে লক্ষ্যে পর্যায়ক্রমে সবাইকে সংসদ ভবন পরিদর্শন এবং সংসদ অধিবেশন অবলোকনের জন্য আমন্ত্রণ জানানো হবে।
তিনি আরও বলেন,“আজ হাজং সম্প্রদায়ের প্রতিনিধিরা এসেছেন। এর আগে খ্রিষ্টান প্রতিনিধিদল এবং ইমাম প্রতিনিধিদল এসেছিলেন। আমার এলাকার সব সম্প্রদায়ের মানুষ যেন সংসদ সম্পর্কে জানতে পারে, সেটিই আমার লক্ষ্য।”
এ সময় হাজং উপজাতি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রতিনিধিদল সংসদ ভবনে আসার সুযোগ করে দেওয়ায় ডেপুটি স্পীকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এলাকার পূজামণ্ডপ সংস্কার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, হাজং শিক্ষার্থীদের জন্য বৃত্তি, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান, হাজং ভাষা চর্চার সুযোগ এবং ব্রিজ-কালভার্ট ও সড়ক সংস্কারের বিষয়ে ডেপুটি স্পীকারের দৃষ্টি আকর্ষণ করেন।
জবাবে ডেপুটি স্পীকার বলেন, “ছোটবেলা থেকেই আমি হাজং সম্প্রদায়কে দেখে আসছি। আপনাদের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্ক রয়েছে। হাজং সম্প্রদায়ের কল্যাণে যা কিছু প্রয়োজন, তা করার চেষ্টা করবো। আপনাদের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে এবং এটি আমার নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, “মানুষের জন্যই সংসদ। কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ—সবাই আমরা বাংলাদেশি। আমি জানি হাজং সম্প্রদায় এখনও অনেক পিছিয়ে আছে। তাই আপনাদের সন্তানদের জন্য বৃত্তির ব্যবস্থা, পাহাড়ি এলাকায় গভীর নলকূপ স্থাপন করে পানির সমস্যা সমাধান, মাতৃভাষা শিক্ষার সুযোগ এবং মন্দিরভিত্তিক শিশুদের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হবে। এসব ক্ষেত্রে আমি নিজস্ব তহবিল থেকেও সম্মানী প্রদানের ব্যবস্থা করবো।”
এছাড়া তিনি এলাকার ছোট ছোট ব্রিজ, কালভার্ট ও সড়ক নির্মাণ এবং মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
Leave a Reply