দিগন্ত ডেক্স : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে লক্ষ্মীপুরে এক মঞ্চে উপস্থিত হন সব প্রার্থী। সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থী এক মঞ্চে উপস্থিত হয়ে জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জনগণের মধ্য থেকে তিনটি করে প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা। এতে রাজনীতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে প্রার্থীরা একে অপরের হাত ধরে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কাজ করার অঙ্গীকার করেন।
বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এক প্রশ্নের জবাবে বলেন, ‘উন্নয়নে বিশ্বাসী বিএনপি। তাই ফ্যামিলি কার্ড, শিক্ষার মানোন্নয়ন ও এলাকার পরিকল্পিত উন্নয়নে আমাদের পরিকল্পনা রয়েছে ‘ সন্ত্রাস ও মাদকমুক্ত লক্ষ্মীপুর গঠনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার অঙ্গীকার করেন তিনি।
জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিম বলেন, ‘বিগত দিনে আমরা উন্নয়নবঞ্চিত ছিলাম। আগামী দিনে বেকারত্ব দূর করে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত লক্ষ্মীপুর গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিলে সব সমস্যার সমাধান মিলবে।
ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ইব্রাহীম বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ও দুর্নীতিমুক্ত ও সুন্দর সমাজ গঠনে হাত পাখায় ভোট প্রদানের বিকল্প নেই। আমাদের সঙ্গে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ নেই।
সুজনের জেলা সভাপতি মো. কামাল হোসেন বলেন, ‘জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি করার কথা থাকলেও তা কেউ মানছেন না। ভোটের আগে প্রার্থীরা শুধু প্রতিশ্রুতি দেন। নির্বাচিত হলে সব তাঁরা ভুলে যান। আমরা চাই সবাই জবাবদিহির আওতায় আসুক, সুশাসন প্রতিষ্ঠা হোক।’
Leave a Reply