রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

কোরআনের তিন মৌলিক বিষয় ও তার গুরুত্ব

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪৯৬ পঠিত

ডেস্ক নিউজ : কোরআনুল কারিম পার্থিব জীবনের যাবতীয় মূলনীতি ও বিধি-বিধান বর্ণনা করেছে। ব্যক্তিগত ও সামাজিক জীবনের নীতিমালা, আকিদা-বিশ্বাস, ইবাদত-বন্দেগি, আখলাক, উত্তম আচরণ, লেনদেন, বিভিন্ন অধিকার ও শিষ্টাচার—এসব সম্পর্কে কোরআনে সংক্ষিপ্ত বা বিস্তারিত আলোচনা করা হয়েছে। তবে এগুলো মূল লক্ষ্য নয়; মূল লক্ষ্য হলো পরকালীন শান্তি ও সৌভাগ্যময় জীবন।

এ কারণে কোরআন অধ্যয়ন করতে গেলেই দেখা যায়, আয়াতের শুরুতে, শেষে কিংবা মাঝখানে জান্নাত-জাহান্নাম, শান্তি বা শাস্তি, উৎসাহ বা ভীতি প্রদর্শনের নানা বিবরণ।

এ প্রসঙ্গে ইমাম শাতেবি (রহ.) বড় মূল্যবান একটি কথা লিখেছেন। তিনি বলেন, ‘কোরআনুল কারিমের মৌলিক বিষয় তিনটি—
১. আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জাত ও সত্তার পরিচয়

২. তাঁর সন্তুষ্টি লাভের পদ্ধতিসমূহের বিবরণ

৩. মানুষের শেষ পরিণতি

প্রথম বিষয় : আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জাত ও সত্তার পরিচয়

এর মধ্যে আসবে আল্লাহ তায়ালার নামসমূহ, তাঁর পবিত্র গুণাবলি ও তাঁর কাজ সম্পর্কিত জ্ঞান। তা ছাড়া নবুয়তসংশ্লিষ্ট আলোচনাও এখানে অন্তর্ভুক্ত হবে। কেননা নবুয়ত হচ্ছে আল্লাহ তাআলা ও তাঁর বান্দাদের মধ্যকার সম্পর্কের সূত্র ও মাধ্যম।

দ্বিতীয় বিষয় : তাঁর সন্তুষ্টি লাভের পদ্ধতিসমূহের বিবরণ এখানে আসবে ইবাদত, সামাজিক সম্পর্ক, লেনদেন ইত্যাদি।

তৃতীয় বিষয় : মানুষের শেষ পরিণতি এখানে মৃত্যু ও মৃত্যুর আগে-পরের অবস্থা, কিয়ামত ও তার পরবর্তী বিভিন্ন পরিস্থিতি, জান্নাত-জাহান্নামের বিবরণ, উৎসাহ ও ভীতিসঞ্চারক আয়াতসমূহ। পাশাপাশি নেককার লোকদের মুক্তি ও শান্তি আর পাপাচারীদের শাস্তির বিবরণমূলক আয়াতও এই তৃতীয় প্রকারের অন্তর্ভুক্ত।’ (আল-মুওয়াফাকাত)

মূলকথা হলো, কোরআনুল কারিমের মূল উদ্দেশ্য মানুষকে সেই পথপ্রদর্শন করা, যে পথে মানুষ দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করতে পারবে, যা পরকালে তার মুক্তির মাধ্যম হবে; তাকে এনে দেবে আল্লাহর সন্তুষ্টি এবং পৌঁছে দেবে পরম শান্তির ঠিকানা জান্নাতে।

এ সম্পর্কিত কয়েকটি আয়াত হলো—

মহান আল্লাহ বলেন, ‘এটা সেই কিতাব, যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হিদায়াত।’ (সুরা : বাকারা, আয়াত : ২)

অন্য আয়াতে এসেছে, ‘নিশ্চয়ই এ কোরআন হিদায়াত করে সে পথের দিকে, যা সরল, সুদৃঢ় এবং সৎকর্মপরায়ণ মুমিনদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আর যারা পরকালে বিশ্বাস রাখে না, আমি তাদের জন্য প্রস্তুত রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি।’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৯-১০)

‘আল-ফাউজুল কাবির’ গ্রন্থে শাহ ওয়ালিউল্লাহ (রহ.) স্পষ্ট করে বলেছেন, ‘কোরআনুল কারিম অবতরণের মৌলিক উদ্দেশ্য হলো মানুষকে পরিশীলিত করা; দীক্ষা দেওয়া; মানুষের ভ্রান্ত বিশ্বাস ও অন্যায় কাজ এবং আচরণকে সংশোধন করা।’

শাহ সাহেব তাঁর ‘তাফহিমাত’ গ্রন্থে বিষয়টিকে এভাবে বর্ণনা করেছেন, ‘আল্লাহ তাআলা আমাকে তাফসিরের জ্ঞান খুব সংক্ষিপ্ত শব্দে দান করেছেন।

যার মূলকথা হচ্ছে, প্রকৃত ঈমান প্রত্যেক মানুষের অন্তরে গচ্চিত রাখা আছে; কিন্তু বস্তুবাদী জীবনের মোহ মানুষের ওপর আধিপত্য বিস্তার করে বসে। আল্লাহ তাআলা কোরআনুল কারিম অবতীর্ণ করেছেন এ উদ্দেশ্যে, যেন মানুষ এর সাহায্যে নিজেদের এই প্রবৃত্তিকে পরাজিত করতে সক্ষম হয়।’ (তাফহিমাত, ২/১২২-১২৩)

অর্থাৎ কোরআন মাজিদের মূল বিষয়বস্তু হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ও তাঁর বান্দাদের মধ্যকার সম্পর্ককে সঠিক মূলনীতির ওপর মজবুতভাবে প্রতিষ্ঠিত করা এবং দুনিয়ার পার্থিব জীবনকে পরকালীন জীবনের সফলতার সিঁড়ি ও মাধ্যম হিসেবে গড়ে তোলা।

এখন ভেবে দেখুন—এটা কত বড় অন্যায় যে মানুষ আজকাল হিদায়াতের আলোদানকারী মহান এই গ্রন্থটিতে প্রাচীন ও আধুনিক দর্শনের আলোচনা তালাশ করে! এখানে তারা খোঁজে জ্যোতির্বিজ্ঞানের তথ্য, বিজ্ঞানের অভিনব আবিষ্কার, ইতিহাস ও ভূগোলের সূক্ষ্ম বিষয়াদি! তারা এই দৃষ্টিকোণ থেকেই কোরআনুল কারিমের সত্যতা যাচাই করতে চায় এবং এই মানদণ্ড দিয়েই এর মহত্ত্ব ও শ্রেষ্ঠত্ব পরিমাপ করতে আগ্রহী!

এ ধরনের প্রচেষ্টার যে কিছু প্রাসঙ্গিক উপকারিতা আছে, আমরা সেটা অস্বীকার করছি না; কিন্তু এটা একেবারে পরিষ্কার বিষয়—এজাতীয় বিষয়গুলো কোরআনুল কারিমের মৌলিক আলোচ্য বিষয় নয়।

মহাগ্রন্থ আল-কোরআন এসব থেকে বহু ঊর্ধ্বে। সন্দেহ নেই, সৃষ্টিজগৎ ও তার বড় বড় ঘটনাবলি সম্পর্কে এই গ্রন্থে আলোচনা করা হয়েছে; কিন্তু এই আলোচনার ধরন ও প্রকৃতিটা কী? এ ব্যাপারে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি (রহ.)-এর বিশ্লেষণ পাঠ করুন। কোরআনুল কারিম প্রকৃতিবিজ্ঞানের আলোচনাও করে থাকে, তবে কোরআনের পাঠক আর একজন দার্শনিক দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে। যেমন ধরুন—একজন ডাক্তার যখন পশু দেখেন, তখন তিনি এই পশুর বৈশিষ্ট্য ও গুণাগুণ সম্পর্কে ভাবেন এবং অনুসন্ধান করেন; কিন্তু একজন ধনী ব্যক্তি যখন পশুকে দেখেন, তিনি চিন্তা করেন-কোনটি আরোহণের জন্য উপযুক্ত কিংবা প্রজননক্ষমতা কোনটির বেশি! একইভাবে কোরআনুল কারিম সৃষ্টিজগৎ সম্পর্কে আলোচনা ও চিন্তাভাবনা করে, তবে এর দ্বারা প্রকৃতিবিদ্যা শেখানো উদ্দেশ্য নয়; উদ্দেশ্য হলো—এসবের  ভেতর দিয়ে আল্লাহ তাআলার সীমাহীন ক্ষমতা-জ্ঞান ও প্রজ্ঞা তুলে ধরা। এ ছাড়া এসবের আর কোনো উদ্দেশ্য নেই।

এ ছিল কোরআনুল কারিমে পৃথিবী ও জ্ঞানবিজ্ঞান নিয়ে আলোচনার কথা। শাহ ওয়ালিউল্লাহ দেহলভি (রহ.) সেসব ব্যক্তির ব্যাপারেও অভিযোগ করেছেন, যারা কোরআন অধ্যয়ন করতে গিয়ে এতে উল্লিখিত দ্বিনি জ্ঞানেরও বিভিন্ন শাস্ত্রে এত বেশি নিমগ্ন হয়ে যান যে এতে কোরআনের মূল উদ্দেশ্যটিই শেষ পর্যন্ত তাদের হাতছাড়া হয়ে যায়।

কোরআনুল কারিমে বর্ণিত ঘটনাবলি সম্পর্কে তিনি লিখেছেন, এতে বর্ণিত ঘটনাগুলোর বিস্তারিত আলোচনা করা হয়নি; শুধু গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় অংশটুকুই উল্লেখ করা হয়েছে। এর পেছনে হিকমত হলো—একটি ঘটনাকে যদি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়, তাহলে মানুষ ঘটনার মধ্যে আটকে যাবে; কিন্তু এর যে মূল উদ্দেশ্য ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা—এ ব্যাপারে তাদের মাঝে দেখা দেবে উদাসীনতা ও অমনোযোগিতা। এক বুজুর্গ বলেছিলেন, ‘যখন থেকে মানুষ তাজবিদ ও কায়দাকানুন বিষয়ে বাড়াবাড়ি রকমের মগ্ন হয়ে গেল, তখন কোরআন তিলাওয়াতের নম্রতা ও কোমলতা অবশিষ্ট রইল না; এবং মুফাসসিররা যখন তাফসির করতে গিয়ে দূর-দূরান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-পর্যালোচনা শুরু করলেন, তখন তাফসিরশাস্ত্রটিও প্রাণহীন হয়ে পড়ল।’ (আল-ফাওজুল কাবির)

তাই কোরআন অধ্যয়ন করতে গিয়ে আমাদের খুব সচেতন থাকতে হবে, যেন আমাদের দৃষ্টি সব সময় কোরআনের মূল আলোচ্য বিষয় ও উদ্দেশ্যটির প্রতি থাকে। অন্যথায় হয়তো নানা জ্ঞান অর্জিত হবে, কিন্তু কোরআন প্রদর্শিত কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা পৌঁছাতে পারব না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com