দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগষ্ট) বিকেলে নানা আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সুসঙ্গ যুব সংঘের উদ্যোগে দুর্গাপুরের সুসং সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে রানা একাদশ ও দক্ষিণপাড়া একাদশ অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উভয় দল একটি করে গোল করায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যে এ আয়োজন করা হয়। খেলাটির সার্বিক সহযোগিতায় ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ঝলক মিয়া। খেলার ধারাভাষ্য ও সঞ্চালনায় ছিলেন ধারাভাষ্যকার নজরুল ইসলাম।
এ সময়, দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম. রফিকুল ইসলাম, সহ-সম্পাদক আনোয়ার হোসেন আসাদ, সুসং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজাহান খান, উপজেলা ক্রীড়া সম্পাদক রেজাউল ইসলাম রিপন, ক্রীড়া সংস্থার সদস্য ও পৌর ক্রীড়া বিষয়ক সম্পাদক জসীম আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান (সম্রাট) গনি, যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন সজীব এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব নুরুজ্জামান জনিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজক সুসঙ্গ যুব সংঘ জানায়, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
Leave a Reply