বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

দুর্গাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ‘র উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৫৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিজয়পুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক সম্পন্ন হয়।

বিজিবি’র আমন্ত্রণে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ বিজয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫১/০৪ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘বিজয়পুর শূন্য লাইন’ নামক স্থানে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতে পাঁচ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তার সাথে অন্যান্য অফিসার ও কোম্পানি কমান্ডারগণ উপস্থিত ছিলেন। অন্যদিকে, পাঁচ সদস্যের বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের শিলং সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী এস. এইচ. এস. গণেশ।

বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সীমান্ত সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ও অমীমাংসিত বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো- সীমান্তে অবৈধ চোরাচালান ও অনুপ্রবেশ রোধে উভয় বাহিনীর যৌথ উদ্যোগ এবং সতর্কতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। সোমেশ্বরী নদীর পাড়ে স্থগিত থাকা রাস্তার কাজ পুনরায় শুরু করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ ও বিজয়পুর বিওপির সীমান্ত পিলার ১১৫১/২ এস হতে দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি’র ডিউটি শেল্টার পোস্ট তৈরির বিষয়ে আলোচনা হয়। বিজিবি’র এসব প্রস্তাবে বিএসএফ প্রতিনিধি দল তাদের সম্মতি ও অনুমতি প্রদান করে।

উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎটি অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শেষ হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের বৈঠক সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং উভয় বাহিনীর মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com