দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের মাদকবিরোধী আহ্বানকে সামনে রেখে, “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’’ এই প্রতিপাদ্যে তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে পৌরসভার বিরিশিরি মাঠে দুর্গাপুর বনাম কলমাকান্দা উপজেলা দলের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
টানটান উত্তেজনা ও দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দুই দলই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে। শেষ পর্যন্ত উভয় দলই একটি করে গোল করায় ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। জমজমাট এই খেলা দেখতে মাঠে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
খেলার অন্যতম খেলোয়াড় হিসেবে মাঠে নেমে অংশ নেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ। তাঁর সরাসরি অংশগ্রহণ খেলায় এক ভিন্নমাত্রা যোগ করে। একই সঙ্গে তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতার গুরুত্বপূর্ণ বার্তাও তুলে ধরেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম রফিকুল ইসলাম, উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজুল ইসলাম, উপজেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল করিম রিপন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুজ্জামান রিপন, পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান (সম্রাট) গনিসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ।
আয়োজকরা বলেন, এটি শুধু একটি ফুটবল ম্যাচ নয়, বরং দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার একটি চমৎকার মাধ্যম। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। মাঠে ফিরে আসুক তরুণ সমাজ, মাদককে না বলুক, এই প্রত্যাশায় এমন আয়োজন আরও বিস্তৃত করার আহ্বান জানান আয়োজকরা।
Leave a Reply