বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

দুর্গাপুরে কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯ পঠিত

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : কৃষি খাতের উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতে নেত্রকোনার দুর্গাপুরে কৃষকদের ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাসের সভাপতিত্বে এবং অতিরিক্ত কৃষি অফিসার রায়হানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত। বিশেষ অতিথি ছিলেন, প্রাণি সম্পদ কর্মকর্তা অমিত দত্ত, উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেজ গণি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার সহ আরো অনেকেই।

অনুষ্ঠানে বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং এসব কার্যক্রমের সুফল কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে একযোগে কাজ করতে হবে।

বিশ্বব্যাংক ও আইএফএডি-এর সহায়তায় পরিচালিত প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কৃষকদের জন্য বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা তুলে ধরা হয়।

এ সময় অতিথিগণ কংগ্রেস প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, ফল ও সবজির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

আয়োজিত এ কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের মাঠকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে কৃষি উন্নয়ন, কৃষকের সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সম্প্রসারণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com