বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

‘‘সবার রক্তের রং লাল” অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসাতে হবে – ডেপুটি স্পিকার 

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১০৫ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে স্বেচ্ছাসেবীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

সোমবার (২৩ মার্চ) দুপুরের দিকে  কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ‘স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

“রাজনীতি হোক বা অন্য যেকোনো কাজ—মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ। অবকাঠামোর উন্নয়নের চেয়েও মানবতার সেবাই বড়। আমরা সবাই মানুষ, আর সবার রক্তের রং লাল।”

স্থানীয় সংগঠন ‘কলমাকান্দা যুব রক্তদান ফাউন্ডেশন’-এর আয়োজনে অনুষ্ঠিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানে ডেপুটি স্পিকার নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “আনন্দ মোহন কলেজ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়েও নিয়মিত রক্তদান করেছি। রোটার‍্যাক্ট ক্লাবের সঙ্গে যুক্ত থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।”

তিনি কলমাকান্দার মতো প্রত্যন্ত এলাকায় এমন একটি সংগঠনের মানবিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও ব্যক্তিগত ও প্রশাসনিকভাবে পাশে থাকার আশ্বাস দেন এবং স্থানীয় প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান।

অসাম্প্রদায়িক চেতনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমরা কেউ গারো, কেউ হাজং, কেউ হিন্দু, কেউ মুসলমান—কিন্তু মানবতার জায়গায় আমরা সবাই এক। কে কোন দলের, তা নয়—কে মানুষের জন্য কাজ করছে সেটাই বড়।”

যুবসমাজকে নিয়মিত রক্তদানে উৎসাহিত করার পাশাপাশি তিনি সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার পরামর্শ দেন। বিশেষ করে ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবিরসহ বিভিন্ন জনসেবামূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহেল রানা এবং সঞ্চালনা করেন জহিরুল ইসলাম মামুন। এতে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, অবসরপ্রাপ্ত শিক্ষক ফরিদ জাম্বিল, মাওলানা আবুল হাসেম, মুহাম্মদ এনামুল হক তালুকদার, আবু কাওসারসহ অন্যান্যরা।

বক্তারা সংগঠনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে লাল-সবুজ টি-শার্ট পরিহিত তরুণ স্বেচ্ছাসেবীদের প্রাণবন্ত উপস্থিতি পুরো আয়োজনকে আরও উদ্দীপনাময় করে তোলে। এ সময় প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং কয়েকজন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীকেও তাদের অবদানের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য মিলনমেলায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com