কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বালিকা ফুটবল দল ও রানার্স আপ বালক কাবাডি খেলোয়াড়দের সংবর্ধনা, ক্রীড়া সামগ্রী এবং মৎস্য চাষিদের মাঝে সরকারি প্রণোদনা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এমপি
অনুষ্ঠানের শুরুতেই লাল-সবুজ জার্সি পরিহিত কৃতি খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধান অতিথিকে স্বাগত জানান। পরে তিনি খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের সেবক, মালিক নন।” দায়িত্ব অবহেলা ও উন্নয়ন কর্মকান্ডে গাফিলতি করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরো বলেন, গত ১৫-২০ বছরে সমাজের সর্বস্তরে মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। অভিভাবকদের সন্তানদের স্মার্টফোন ব্যবহারের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার আহ্বান জানান তিনি।
কলমাকান্দায় আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় কার্যক্রম চলমান।
খাদ্য গুদামে ধান সংগ্রহে প্রকৃত কৃষকদের বঞ্চিত করার অভিযোগ তুলে তিনি বলেন, তালিকাভুক্ত অনেকেই প্রকৃত কৃষক নন। কৃষকের নাম ব্যবহার করে কেউ যেন সুবিধা নিতে না পারে সেদিকে কঠোর নজরদারি থাকবে।
সাম্প্রতিক হাওরের বন্যাকে ‘আংশিক মানবসৃষ্ট’ উল্লেখ করে তিনি বলেন, অবৈধ খোড়ল, বাঁধ দখল ও অপরিকল্পিত মাছ চাষের কারণে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
ডেপুটি স্পিকার আরও বলেন, “আমি নিজে দুর্নীতি করি নাই, দুর্নীতি করব না এবং দুর্নীতিকে প্রশ্রয়ও দিব না।” নিজের আত্মীয়স্বজনের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আবেগঘন বক্তব্যে তিনি বলেন, “আমি কৃষকের সন্তান। জনগণের সেবা করতেই রাজনীতিতে এসেছি। কৃষক ও সাধারণ মানুষের অধিকার বঞ্চিত করে কোনো কাজ হতে দেওয়া হবে না।”
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন ক্রীড়া সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে প্রকৃত মৎস্য চাষিদের মাঝে সরকারি প্রণোদনা তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, ওসি মো. আবুল হাসেম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply