দিগন্ত ডেক্স : ঝিনাইদহের কোটচাঁদপুর রোড রেলস্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থান নিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি রেলস্টেশন সংলগ্ন ভ্যান ও রিকশা স্ট্যান্ড এলাকায় আকস্মিক পরিদর্শনে গিয়ে তথাকথিত সমিতি বা ইজারার নামে চলা চাঁদা আদায় বন্ধের নির্দেশ দেন।
এসময় তিনি বলেন, ‘প্রশাসনের বৈধ অনুমতিপত্র বা সরকারি রসিদ ছাড়া কোনো শ্রমিকের কাছ থেকে একটি টাকাও আদায় করা যাবে না।’
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের অভিযোগ, কোটচাঁদপুর রোড এলাকায় রেলস্টেশনের সামনে ভ্যান ও রিকশা থেকে প্রভাবশালী একটি চক্র প্রতিদিন মোটা অঙ্কের চাঁদা আদায় করে আসছিল।
মাওলানা আবু তালিব ঘটনাস্থলে পৌঁছে চাঁদা আদায়কারীদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চান। আদায়কারীরা কোনো সন্তোষজনক নথি বা সরকারি অনুমোদন দেখাতে ব্যর্থ হলে তিনি তাৎক্ষণিকভাবে এই প্রক্রিয়া বন্ধের ঘোষণা দেন।
এসময় মাওলানা আবু তালিব বলেন, ‘খেটে খাওয়া মানুষের ঘামের টাকায় পকেট ভারী করার দিন শেষ। সাধারণ ভ্যান-রিকশাচালকরা সারা দিন হাড়ভাঙা খাটুনি খেটে যা আয় করে, তার একটা অংশ অবৈধভাবে কেড়ে নেওয়া কোনোভাবেই সহ্য করা হবে না।
আজ থেকে কোনো চাঁদাবাজ এই স্ট্যান্ডে আসবে না। যদি কেউ জোর করে টাকা আদায় করতে চায়, তাকে সরাসরি প্রশাসনের হাতে তুলে দিন।’
তিনি আরো বলেন, ‘যদি কোনো প্রতিষ্ঠান বা সংগঠন আইনত চাঁদা আদায়ের দাবিদার হয়, তবে তাদের যথাযথ কাগজপত্র নিয়ে আসতে হবে এবং তা যাচাই-বাছাইয়ের আগে কোনো টাকা আদায় করা যাবে না।’ নবনির্বাচিত এমপির তাৎক্ষণিক পদক্ষেপে খুশি স্থানীয় ভ্যান ও রিকশাচালকরা।
Leave a Reply