দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা বিএনপির নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে দুর্গাপুর থানায় জিডি করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাষ্টার। পরে স্থানীয় সাংবাদিকদের উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভূইয়া ও সদস্য সচিব আব্দুল আওয়াল এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুর্গাপুর উপজেলার নামে ফেসবুক আইডি বা কোন পেইজ নেই। গত কয়েকদিন যাবত কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের ছবি ব্যবহার করে দুর্গাপুর উপজেলা বিএনপির নামে একটি ফেসবুকে আইডি খুলে বিভিন্ন সামাজিক এবং হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপুজা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। যাহা সাম্প্রদায়িক সম্প্রতি এবং সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করার ষড়যন্ত্র।
দুর্গাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাষ্টার বলেন, দুর্গাপুর উপজেলা বিএনপির নামে অফিসিয়াল ফেসবুক আইডি বা কোন পেইজ নেই সুতরাং কোনো অপপ্রচার বা দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এরকম ফেসবুক আইডি ও পেইজ এর অপপ্রচারের দায় উপজেলা বিএনপি নিবে না। এ নিয়ে দুর্গাপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে ভুয়া আইডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি দুর্গাপুর থানায় জিডি করেছি। সেইসাথে উপজেলা বিএনপি‘র সকল নেতাকর্মীদের সজাক থাকতে আহবান জানিয়েছেন তিনি।
Leave a Reply