দিগন্ত ডেক্স : ‘‘আন্ত: সীমান্ত নদী, আমাদের অধিকার’’ এই প্রতিপাদ্যে, বিশ্ব নদী দিবস ২০২৪ উপলক্ষ্যে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক, সবুজ সংহতি, শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি ও দত্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকের যৌথ আয়োজনে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে, আলোচনা সভা, নদী নিয়ে কুইজ প্রতিযোগিতা, প্রকৃতি বন্ধন এর মধ্যদিয়ে দিনব্যাপী দিবসটি উদযাপন করা হয়। জেলা শহরের দত্ত উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরীর লক্ষে আলোচনা করেন, সাংবাদিক আলপনা বেগম, সমাজকর্মী মোস্তাছিম বিল্লাহ, সাংবাদিক হৃদয় সাগর ও বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান।
শিক্ষার্থীরা শহরের শহীদ মিনার এলাকায় নেত্রকোনা অঞ্চলের ৮৫ টি নদ-নদীর নাম, জলাভূমির নাম লেখা ব্যানার ফেস্টুন, প্লেকার্ড নিয়ে এক প্রকৃতি বন্ধনের আয়োজন করেন। নেত্রকোনা অঞ্চলের সুমেশ্বরী, মগড়া, মহাদেও, কংস নদীসহ সকল নদী খনন ও দখলমুক্ত করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানায়। শিক্ষার্থীরা বলেন, নেত্রকোনা শহরের চারপাশে মগড়া, ধলাই, জিদাই, সাইডুলি, কৃষ্ণাখালি নদী প্রবাহিত। এসব নদী খনন করতে হবে। মগড়া নদীকে দূষণমুক্ত করতে হবে। মগড়া নদীকে দখল মুক্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা জরুরি। নদীটি আছে বলেই আজও শহরের টিউবওয়েল দিয়ে পানি উঠে। নদীকে দূষণমুক্ত করার জন্য আমাদের শহরবাসির সচেতনতা জরুরি।
তারা আরো বলেন, নদীকেন্দ্রিক জীবনব্যবস্থা বাংলাদেশের মানুষের। নদীর পানি কৃষিকাজে লাগে,নদীর মাছ আমাদের পুষ্টি জোগায়,আমাদের পরিবেশকে ভালো রাখে,নদী আমাদের অস্থিত্বের অংশ। দেশে ১০০৮ টি নদী আছে। এর আন্ত:সীমান্ত নদী আছে ৫৮ টি। যেগুলো বাংলাদেশের মানুষের কষ্টের কারণ। নেত্রকোনায় আছে ৮৫ টি নদী। তাই আমাদের প্রয়োজনে নদীকে বাঁচাতে হবে। নদী হারিয়ে যাওয়া মানে একটি জনপদ বিপন্ন হয়ে যায়,নদী হারিয়ে যায় প্রকৃতির সৌন্দর্য্য হারিয়ে যায়। নেত্রকোনার সকল নদী এখন ভয়ানকভাবে বিপন্ন। সংখ্যা, আয়তন ও গুণ মান সব দিক থেকেই। তাই নদীর প্রাণবৈচিত্র্য ও এখন ভীষণভাবে সংকটাপন্ন।
নদীর গতি পরিবর্তন, গতিরোধ, প্রবাহ বাধাগ্রস্থ, প্রবাহবন্ধ, পানি প্রত্যাহার, বাঁধ নির্মাণ করে নদীর গতিকে রোধ করেছি, প্রবাহকে বন্ধ করেছি। নদীকে নদীরূপে থাকতে দেইনি। আমাদেরকে নদী বাঁচাতে হবে। নদী বাঁচলে বাঁচবে দেশ। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে নদী নিয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply