দিগন্ত ডেক্স : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল না হলেও নতুন করে যুক্ত হচ্ছেন আরো দুই সংসদ সদস্য। বান্দরবান থেকে নির্বাচিত সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে সরকারের উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে।
আগামী ২০ আগস্ট এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। নতুন রাষ্ট্রপতির শপথের পর তার কাছ থেকেই মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারা। রাষ্ট্রপতি নির্বাচনের তিন কার্যদিবসের মধ্যে শপথ নেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় ২১ বা ২২ আগস্ট এ শপথ অনুষ্ঠান হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সাচিং প্রু জেরী। বান্দরবান থেকে নির্বাচিত একজন সংসদ সদস্যকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়াকে পাহাড়ি এলাকার রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বের দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় উন্নয়ন ও পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের বিষয়টিও এতে গুরুত্ব পাবে বলে তাদের ধারণা।
অন্যদিকে গাইবান্ধা-৪ আসন থেকে নির্বাচিত মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার আলোচনা কয়েক দিন ধরেই চলছিল। এবার তার নিয়োগও চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে এর আগে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১ জুন তিনি পদত্যাগ করেন। প্রায় দুই মাস পর মন্ত্রণালয়টি নতুন মন্ত্রী পেতে যাচ্ছে। বর্তমানে এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। একই সঙ্গে তিনি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন।
এদিকে বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। নতুন দুই সদস্য যোগ হলে মন্ত্রিসভার আকার আরো বাড়বে।
মন্ত্রিসভার একজন প্রভাবশালী সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, দুজনকে মন্ত্রিসভায় যুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তাদের নাম ও মন্ত্রণালয়ও ঠিক করা আছে। আগামী ২০ আগস্ট এ বিষয়ে ঘোষণা দেওয়া হতে পারে।
তবে সাচিং প্রু জেরী গণমাধ্যমকে বলেছেন, মন্ত্রিসভায় যুক্ত হওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনও এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।
নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মন্ত্রিসভায় এই সংযোজন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনের পর তিন কার্যদিবসের মধ্যে নতুন রাষ্ট্রপতিকে শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে ২১ অথবা ২২ আগস্ট বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।
Leave a Reply