দিগন্ত ডেক্স : গাজীপুরের কালিয়াকৈরে কারখানায় পানি পান করে দুই দিনে অন্তত দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় কারখানা দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
গত সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত উপজেলার পূর্বচান্দরা বোর্ডমিল এলাকার মোয়াজ উদ্দিন টেক্সটাইল অ্যান্ড নীট ফ্যাশন লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিক ও কারখানা সূত্রে জানা যায়, উপজেলার পূর্বচান্দরা বোর্ড মিল এলাকার মোয়াজ উদ্দিন টেক্সটাইল অ্যান্ড নীট ফ্যাশন লিমিটেড কারখানায় গত সোমবার শ্রমিকরা কারখানায় কাজে যোগদান করে কাজ করছিল। এ সময় কিছু শ্রমিক কারখানার পানি পান করলে তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এভাবে ধীরে ধীরে ওইদিন অন্তত শতাধিক শ্রমিক বমি এবং পাতলা পায়খানা হয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের উপজেলার সফিপুর তানহা হাসপাতালে ভর্তি করা হয়।
পরের দিন মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যায়। তারাও পানি পান করলে আরো প্রায় শতাধিক শ্রমিক একইভাবে বমি এবং পাতলা পায়খানা করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে সফিপুর তানহা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশিরভাগ শ্রমিকের অবস্থার অবনতি হয়ে তাদের ঢাকার মহাখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Leave a Reply