সিলেট প্রতিনিধি : সড়ক দূর্ঘটনায় ইসকন সেবায়েত ও তার শিশুকন্যা, সিএনজি চালক সহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কে ওই তিন জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন, সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার প্রয়াত প্রণয় দাশের স্ত্রী ইসকন সেবায়েত আবাদিত কেশবা প্রিয়, তার শিশুকন্যা প্রথমা চৌধুরী,সিএনজি অটোরিক্সা চালক পৌর শহরের নবীনগরের বাসিন্দা সজল ঘোষ।
নিহত প্রথমা চৌধুরী সুনামগঞ্জ সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। মা আবাদিত কেশবা প্রিয়’র গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং নবীপুর। মা মেয়ে শুক্রবার ভাড়ায় চালিত সিএনজি অটোরিক্সা যোগে সিলেটে যাবার পথে সড়ক দৃর্ঘটনায় চালক সহ নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে সুনামগঞ্জ শহর থেকে সিএনজি চালিত অটোরিক্সাটি যাত্রী নিয়ে সিলেটে যাচ্ছিলো।
সকাল সাড়ে সাতটার দিকে শান্তিগঞ্জের পাগলার শক্রমর্দন-বাঘেরকোনা এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা বিপরীতমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে অটোরিক্সায় থাকা যাত্রী আবাদিত কেশবা প্রিয়, তার শিশু কন্যা প্রথমা চৌধুরী, চালক সজল ঘোষ নিহত হন।
এ ঘটনায় ট্রাক চালক পারভেজকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পারভেজ দিরাই উপজেলার ভাটিপাড়ার মৃত জালাল উদ্দিনের ছেলে। সে সিলেটের বাদাম বাগিচা এলাকায় বসবাস করত।
শান্তিগঞ্জ পুলিশ ময়নাতদন্তের জন্য তিনজনের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল পাঠায়। শান্তিগঞ্জ থানার ওসি আবদুল আহাদ জানান, ট্রাক চালককে আটকের পর দুর্ঘটনা কবলিত ট্রাক, সিএনজি চালিত অটোরিক্সা আলামত হিসাবে জব্দ করা হয়েছে।
Leave a Reply