কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় গরু চোরাচালান ও অবৈধ লেনদেনের অভিযোগে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।
এ ঘটনায় তিনটি মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪৫ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এসআই আব্দুল জলিলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল রংছাতি ইউনিয়নের তেরোতোফা গ্রামের সারফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখানে ভারতীয় গরু চোরাচালান ও বিপুল অঙ্কের অবৈধ লেনদেনের তথ্য ছিল।
অভিযানের সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে ডিবি সদস্যদের ওপর হামলা চালায় এবং একপর্যায়ে তাদের অবরুদ্ধ করে রাখে। হামলায় এসআই আব্দুল জলিল, এসআই শওকত আলী, এএসআই আবুল কালামসহ কয়েকজন ডিবি সদস্য আহত হন। সংবাদ সংগ্রহে গিয়ে এক সাংবাদিকও হামলার শিকার হন।
খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। পরে অতিরিক্ত পুলিশ নিয়ে রাতভর অভিযানে ১৫ জনকে আটক করা হয়।
Leave a Reply