দিগন্ত ডেক্স : বগুড়ার সারিয়াকান্দিতে ‘তেল নেই’ লেখা একটি গুদামে অভিযান চালিয়ে অন্তত চার হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে উপজেলার পৌর এলাকার টিপুর মোড় সংলগ্ন দক্ষিণ হিন্দুকান্দি এলাকার লোপা এন্টারপ্রাইজের গুদাম থেকে তেল জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোনো লাইসেন্স বা সরকারি অনুমোদন ছাড়াই খোলা বাজারে খুচরা ডিজেল, পেট্রল ও অকটেন বিক্রি করে আসছিলেন লোপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লোকমান হাকিম। সম্প্রতি আন্তর্জাতিক প্রেক্ষাপটে তেলের বাজার অস্থির হয়ে উঠলে তিনি বিক্রি বন্ধ রেখে মজুদ শুরু করেন বলে অভিযোগ রয়েছে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুমাইয়া ফেরদৌস। এ সময় সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামানসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে গুদামের ভেতর থাকা কয়েকটি ড্রাম এবং একটি তেলের লরির ট্যাংক থেকে আনুমানিক চার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযানের সময় ব্যবসায়ী লোকমান হাকিম পালিয়ে যান বলে জানায় প্রশাসন। প্রশাসন জানায়, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুদাম ও দোকান সিলগালা করা হয়।
ব্যবসায়ী লোকমান হাকিম দাবি করেন, চরাঞ্চলে চলমান কয়েকটি নির্মাণকাজের জন্য তিনি এসব তেল সংরক্ষণ করেছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ডিজেল জব্দ করা হয়েছে। পরে বৃহস্পতিবার সকালে জব্দ করা তেল টিপুর মোড় এলাকায় সরকারি নির্ধারিত মূল্যে কৃষক ও সাধারণ মানুষের মধ্যে বিক্রি করা হয়। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে তিনি জানান।
Leave a Reply