কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে ভারতীয় কসমেটিকস, মসলা ও অন্যান্য ভোগ্যপণ্যের চাহিদা বাড়ার প্রেক্ষাপটে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অভিযান চালিয়ে ৩৬০ কেজি অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় তন্ময় আহমেদ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুর রাশিদের ছেলে।
পুলিশ জানায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি পরিত্যক্ত ঘরে মজুদ করে রাখা ১২ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিক হোসেন বলেন, উদ্ধার করা জিরাগুলো থানায় সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, এ চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে বাজারে ভারতীয় কসমেটিকসসহ বিভিন্ন মসলা ও অন্যান্য পণ্যের চাহিদা বেড়েছে। দেশীয় পণ্যের তুলনায় কম দামে বিক্রি হওয়ায় ভারতীয় জিরাসহ এসব পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। তবে অবৈধভাবে আমদানি করা পণ্য বাজারে প্রবেশ করায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় ভারতীয় কসমেটিকসসহ অন্যান্য চোরাচালান পণ্য রোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply