কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা–১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও নবনিযুক্ত ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি দায়িত্ব গ্রহণের পর এই প্রথম নিজ উপজেলা কলমাকান্দায় আগমন করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে উপজেলা প্রশাসন।
গার্ড অব অনার শেষে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে বনজ ও ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। তিনি উপস্থিত সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান এবং বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। এদিন তিনি জুমার নামাজ আদায় ও পারিবারিক কবর জিয়ারত করেন।
বিকেল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের ইউএনও’র কনফারেন্স রুমে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিমন্ত্রী বলেন, আমি আমার প্রচেষ্টা অব্যাহত রাখব যেন কলমাকান্দাকে একটি দৃষ্টিনন্দন ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি। সীমান্তবর্তী এ উপজেলায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সীমান্ত এলাকা ও সদর অঞ্চলে মাদকপ্রবণ ও অপরাধপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “সর্বোচ্চ সততা- উইদাউট কম্প্রোমাইজ। আমরা যার যার বিভাগে দায়িত্বশীল ও অগ্রগামী ভূমিকা রাখতে চাই।” সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, খাল খনন, পুকুর ও জলাশয় পুনরুদ্ধার, বৃক্ষরোপণসহ পরিবেশবান্ধব উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে হবে। হারিয়ে যাওয়া জলাশয় ও অবৈধভাবে লিজ দেওয়া সম্পদ পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, “আমরা যে বিভাগেই কাজ করি না কেন, শেষ ঠিকানা কিন্তু সাড়ে তিন হাত ভূমি। এই উপলব্ধি নিয়ে কাজ করলে অনেক কিছু সহজ হয়ে যাবে।” আল্লাহর ওপর ভরসা রেখে সততা ও যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কলমাকান্দা-দুর্গাপুরের ভোটারদের প্রতিই তিনি কৃতজ্ঞ। কাজের মাধ্যমেই মূল্যায়ন করব ইনশাল্লাহ- এমন প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করা হবে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এ বিষয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনার কথা উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। জনবান্ধব নীতিকে প্রাধান্য দিয়ে নির্বাচিত সরকার হিসেবে জনগণের কাছে দায়বদ্ধ থেকে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
সংবিধান ও রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচিত সংসদই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। পাশাপাশি গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সরকার পরিচালনার দায়িত্ব আমাদের হলেও এই মন্ত্রিত্ব জনগণের। জনগণই সকল ক্ষমতার উৎস। তাদের সম্পৃক্ত করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply