কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় বকেয়া চায়ের টাকা চাওয়াকে কেন্দ্র করে পুলিনুস দারিং (৪৫) নামে এক চাদোকানি (চা বিক্রেতা)-কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের স্ত্রী অলিভিয়া চিসিম বাদী হয়ে খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আইয়ুব মারাককে (৬৫) একমাত্র আসামি করে মঙ্গলবার রাতেই কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বুধবার (৬ আগস্ট) দুপুরে পুলিশ গ্রেপ্তারকৃত আসামিকে নেত্রকোনা আদালতে প্রেরণ করেছে।
নিহত পুলিনুস দারিং উপজেলার খারনৈ ইউনিয়নের খানৈই গ্রামের বাসিন্দা এবং মৃত কালাদিও’র ছেলে। তিনি গোবিন্দপুর বল মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে একটি চায়ের দোকান চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আইয়ুব মারাক প্রায় সময়ই ওই চায়ের দোকানে গিয়ে বাকিতে চা পান করতেন। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে দোকানে গিয়ে চা পান করার পর পূর্বের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে পুলিনুসের সঙ্গে তার বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আইয়ুব মারাক নিজ বাড়ি থেকে ছুরি এনে পুলিনুসকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।
স্থানীয়রা গুরুতর আহত পুলিনুসকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী আইয়ুব মারাককে আটক করে পুলিশে সোপর্দ করে।
পরে বুধবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “নিহতের স্ত্রী অলিভিয়া চিসিমের দায়েরকৃত মামলার ভিত্তিতে আসামি আইয়ুব মারাককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।”
ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে। বকেয়া টাকা চাওয়ার মতো সামান্য ঘটনায় একজন চা বিক্রেতাকে এভাবে হত্যা করায় সাধারণ মানুষ হতবাক ও শোকাহত।
Leave a Reply