কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: “পুষ্টি বাড়ায় ফল, দেশজুড়ে ফলের উৎসব”—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা বারোটায় উপজেলা শহীদ মিনার চত্বরে বর্ণাঢ্য আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। ফিতা কেটে ও ফল প্রদর্শনী ঘুরে দেখে তিনি মেলার আনুষ্ঠানিক সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ মুমিনুল ইসলাম, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান ভূইয়া, কলমাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ এনামুল হক তালুকদার,;সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল হক পাঠান। এছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত মৌসুমি ফল যেমন—লিচু, আম, কাঁঠাল, আনারস, বেল, পেয়ারা, ডালিমসহ নানা ধরনের দেশীয় ফল প্রদর্শন করা হয়েছে। এতে কৃষকদের মাঝে ফল চাষের আগ্রহ বৃদ্ধি পাবে বলে মনে করেন আয়োজকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, “দেশীয় ফলের পুষ্টিগুণ ও চাষাবাদে উৎসাহ দিতেই এই আয়োজন। তরুণ প্রজন্মকে প্রাকৃতিক খাদ্যাভ্যাসে উৎসাহিত করাও এই মেলার উদ্দেশ্য।”
ফল মেলা চলবে আগামী ২১ জুন পর্যন্ত। মেলা চলাকালীন সময়ে ফল প্রদর্শনী, সচেতনতামূলক আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন রয়েছে।
Leave a Reply