বুধবার, ২০ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কলমাকান্দায় শ্রমিক নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৬ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলা উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল পূর্বপাড়া গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শ্রমিক বাবুল মিয়া হত্যা মামলায় মোস্তাকিম (২৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) দিনগত মধ্যরাতে নিহতের বড় ছেলে নিজাম উদ্দিন বাদী হয়ে কলমাকান্দা থানায় চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় পেনাল কোড ১৮৬০ এর ৩২৩/৩২৪/৩০২/৩০৭/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বাবুল মিয়া (৬৫) উপজেলার বরদল গ্রামের বাসিন্দা এবং পেশায় কৃষি শ্রমিক ছিলেন। তার ছেলে সিরাজুল ইসলামসহ পরিবারের সদস্যরাও দিনমজুরের কাজ করতেন।

ঘটনার দিন সকালে সিরাজুল ইসলাম স্থানীয় একটি জমিতে ধান কাটার কাজ করছিলেন। এ সময় পূর্বের ধান কাটার পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্ত হাবিবুর রহমান ভান্ডারী ও তার সহযোগীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে সিরাজুল ইসলামকে মারধর করেন। অভিযোগ রয়েছে, এ সময় সাদ্দাম হোসেন হাতে থাকা কাচি দিয়ে সিরাজুল ইসলামের ডান চোখের উপরে আঘাত করেন।

ছেলের চিৎকার শুনে বাবুল মিয়া এগিয়ে এলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। মামলার অভিযোগে বলা হয়েছে, হামলার সময় বাবুল মিয়ার মাথা, বুক ও পেটে উপর্যুপরি আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. নূর আলম জানান, রোববার গভীর রাতে উপজেলার বরদল বাজার এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মোস্তাকিমকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এবিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, “নিহতের বড় ছেলে নিজাম উদ্দিন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মোস্তাকিমকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com