শেখ শামীম, কলমাকান্দা (নেত্রকোনা) : নেত্রকোনা-১ (কলমাকান্দা- দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রাম ঈদগাহ মাঠে এ জনসভার আয়োজন করা হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ১নং সহ-সভাপতি এবং বিএনপির কেন্দ্র থেকে ঘোষিত ব্যারিস্টার কায়সার কামালের প্রধান নির্বাচনী এজেন্ট এজমল হোসেন পাইলট।
বক্তব্যের শুরুতে তিনি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ঘটে যাওয়া ঘটনার স্মৃতিচারণ করে বলেন, “সেদিন এতিমদের ওপর যে নৃশংসতা চালানো হয়েছিল, তার প্রতিবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানিয়েছিলেন।” তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের ওলামা-মাশায়েখদের ওপর নির্যাতন চালানো হয়েছে। সে সময় ব্যারিস্টার কায়সার কামাল একজন আইনজীবী হিসেবে নির্যাতিত আলেমদের পক্ষে সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে আইনি সহায়তা দিয়েছেন।
ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বের প্রশংসা করে এজমল হোসেন পাইলট বলেন, “তিনি এই এলাকার সন্তান। তিনি নির্বাচিত হলে কলমাকান্দা–দুর্গাপুরের সব ধর্ম ও সব মতাদর্শের মানুষ মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ থাকবে।” তিনি আরও বলেন, এমপি’র কোনো আত্মীয় বা দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়, এটি দেশ ও জাতি রক্ষার নির্বাচন।” এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনের দিন ফজরের নামাজ আদায় করে ঘরে ঘরে গিয়ে ভোটারদের জাগিয়ে ভোটকেন্দ্রে নিয়ে আসতে হবে।
বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে ছাত্রদলের এই কেন্দ্রীয় নেতা বলেন, “কলমাকান্দা–দুর্গাপুরে যে গণজোয়ার ও মানুষের উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে, তাতে ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে ব্যারিস্টার কায়সার কামালের ধানের শীষ বিজয়ী হবে।”
নির্বাচনী এই প্রচারণামূলক জনসভায় বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় আরও উপস্থিত ছিলেন খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হক, উপজেলা পরিষদের সাবেক মহিলা চেয়ারম্যান কলি আক্তার, বীর মুক্তিযোদ্ধা মো. আক্কাস আলী, প্রার্থীর সহোদর ছোট ভাই সাবেক ছাত্রদল নেতা সারোয়ার কামাল, উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply