দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘মানবতার সেবায় বিএনপি’’ এই ভাবনাকে সামনে রেখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায়, নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপি‘র উদ্যোগে, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক সহায়তায় ৩য় ধাপে প্রায় ২শত মানুষের চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ জানুয়ারী) মমনসিংহের বিএনএসবি চক্ষু হাসপাতালে এ অপারেশন সম্পন্ন করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, নেত্রকোনা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনা নিয়ে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ইতোমধ্যে দুর্গাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গাঁওকান্দিয়া এবং কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে প্রায় ১০হাজার রোগীকে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করার কার্যক্রম সম্পন্ন করেছেন তিনি। পরবর্তিতে খেটে খাওয়া মানুষের কথা ভেবে শুরু করলেন চোখের ছানি অপারেশনের কথা। এতে ৩য় ধাপে প্রায় ২শত মানুষের চোখের ছানি অপারেশন করানোর ব্যবস্থা করলেন তিনি। পর্যায়ক্রমে আগামী এক মাসের মধ্যে প্রায় ৫ শতাধিক রোগীর ছানি অপারেশন করা হবে।
চোখে অপারেশন করানো রোগী আছিয়া খাতুন বলেন, ‘‘যার চোখে আলো নাই-একমাত্র সে জানে তার কতো কস্ট’’ দীর্ঘ ৭ বছর ধরে বাম চোখে ঝাপসা দেখতে ছিলাম। পরবর্তিতে ডান চোখেও একই সমস্যা দেখা দিয়েছে। কায়সার কামালের মাধ্যমে চোখের ডাক্তার দেখানোর পর জানতে পারলাম, অপারেশন করাইলে দুই চোখেই দেখতে পাবো, সে জন্য অপারেশন করাইলাম। যতদিন বাঁচবো, কায়সার কামালের জন্য দোয়া করবো।
বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানব সেবার উপরে কোন কাজ নাই। ‘‘মানবতার সেবায় বিএনপি’’ এই ভাবনাকে সামনে রেখে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের দিক নির্দেশনায় এ ধরনের সেবামুলক কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে জনাব তারেক রহমান সাহেবের নানাবিধ পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নে আমাদের নেতাকর্মীদের আরো উদারতার পরিচয় দিতে হবে। দলকে ভালোবেসে সকল ধরনের সেবা দেশের মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। সামনে নতুন ধরনের নির্দেশনা আসবে, ওই নির্দেশনা বাস্তবায়নে দলের স্বার্থে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি।
Leave a Reply