কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ভাসছিল তিন বছর বয়সী মাহিন নামের এক শিশুর নিথর দেহ । আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের চিনাহালা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত শিশু ওই গ্রামের মো. আ: রশিদ ও মোছা. হোসনা আক্তার দম্পতির কনিষ্ঠ সন্তান ।
স্বজনরা জানান, মাহিনের মা হোসনা আক্তার বিকেলে সাংসারিক কাজে ব্যস্ত সময় পার করছিলেন। ওই সময় মাহিন বাড়ীতে অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। সন্ধ্যার আগে মা হোসনা বাড়ীতে শিশু মাহিনকে দেখতে না পেয়ে মাহিন মাহিন বলে ডাকতে থাকেন। এসময় খুঁজতে খুঁজতে বাড়ীর পাশে পুকুরে পানিতে ভাসমান অবস্থায় মাহিনকে দেখতে পান হোসনা। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের বাবা মো. আ: রশিদ বলেন, বাড়ীর সবার অগোচরে মাহিন বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। ছেলেকে ঘরে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন হোসনা ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শামীম আরা নিপা বলেন, স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই শিশু মাহিন মারা যায় ।
এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
Leave a Reply