দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ভারতের মেঘালয়ের সীমান্ত ঘেঁষা নেত্রকোণার দুর্গাপুর ইউনিয়নের আগাড়পাড়া গ্রামে আবারো ১০ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে। সোমবার (০১ জুন) সকাল ৭টার দিকে শামসুল হক নামের এক ব্যক্তির মাছ ধরার জালে সাপটি আটকা পড়ে।
সাপটি জালে আটকে পড়ার পর স্থানীয় বন্যপ্রেমী আমিন খানকে খবর দিলে, তিনি দ্রুত ঘটনাস্থলে এসে সাপটিকে আয়ত্তে আনেন। এরপর তিনি বন বিভাগের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে দুর্গাপুর বনবিভাগের সদর বিটের ফরেস্ট গার্ড মনোয়ার হোসেনসহ বন বিভাগের অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে অজগর সাপটিকে ওই এলাকার নলুয়াপাড়া বনে অবমুক্ত করা হয়।
বন বিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় যেকোনো বন্যপ্রাণী লোকালয়ে এলে তাকে না মেরে বন বিভাগকে জানানোর অনুরোধ করা হয়।
সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সভাপতি রিফাত আহমেদ রাসেল বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে অজগর সাপ ধরার খবর পেয়েছি। সাপটি লম্বায় প্রায় দশ ফুটের মতো এবং ওজন ১০ থেকে ১১ কেজির মতো। অজগর সাপটি মূলত স্থানীয় এক বাসিন্দার পেতে রাখা মাছধরা জালে আটকা পড়ে। সাপের শরীরে কোনো আঘাত না থাকায় স্থানীয় বন বিভাগের সাথে সেভ দ্য এনিমেলস অফ সুসং এর কর্মীদের নিয়ে উপজেলার গহীন বনে সাপটিকে অবমুক্ত করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় যেকোনো বন্যপ্রাণী লোকালয়ে এলে তাকে না মেরে বন বিভাগের পাশাপাশি আমাদেরকে জানালে আমরা তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
Leave a Reply