দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পাহাড়ি জনপদ দুর্গাপুরে মাদকমুক্ত যুবসমাজ গঠনের প্রত্যয়ে সুসং ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার (০১ আগষ্ট) বিকেলে পৌর যুবদদলের সদস্য সচিব আল ইমরান (সম্রাট) গনির আয়োজনে অনুষ্ঠিত খেলায় দুর্গাপুর একাদশ বনাম নেত্রকোনা একাদশ ম্যাচটি দেখতে মাঠে ভিড় করেন হাজারো ফুটবলপ্রেমী দর্শক।
বৃষ্টিভেজা পরিবেশে দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচটি ছিল দারুণ উপভোগ্য। টানটান উত্তেজনাপূর্ণ এই লড়াই শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয়। খেলার পুরো সময় জুড়েই দর্শকদের উচ্ছ্বাসে মুখর ছিল সুসং ডিগ্রি কলেজ মাঠ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ। তিনি নিজেও একজন ফুটবলপ্রেমী ও খেলোয়াড়। তিনি তার বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে মাদকমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসার আহবান জানান তিনি।
এছাড়াও উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম রিপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ। ম্যাচটির প্রাণবন্ত ধারাভাষ্য প্রদান করেন নজরুল ইসলাম।
আয়োজক আল ইমরান (সম্রাট) গনি বলেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে এই খেলার আয়োজন করেছি। যুব সমাজের জন্য ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।
Leave a Reply