কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠানের মধ্য দিয়ে এক নতুন প্রত্যয়ের সূচনা হয়েছে। “আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলা পরিষদের অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজল আলফন্স দ্রং।
অনুষ্ঠানে সার্বিক কার্যক্রম ও প্রেক্ষাপট তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সমন্বয়ক (পক্ষসমর্থন ও শিশু সুরক্ষা—এনবিসি ক্লাস্টার) ফেরদৗসী আলম।
জুলিয়ানা হীরা ও মবিন উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন লেংঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন, প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরে আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মিম, কাজী ফজলুল হক, অভিভাবক নার্গিস আক্তার, শিশু প্রতিনিধি রেদুয়ান মিয়া, সাহসী কন্যা কোহিনূর আক্তার এবং মাঠকর্মী হৃদয় পাল।
এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি শিশুর হাতে বই থাকার কথা, সেখানে শ্রমের বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একইভাবে যে বয়সে স্বপ্ন দেখার কথা, সে বয়সে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি একটি শিশুর ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়।
তারা আরও বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম নির্মূলে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়—এ জন্য সমাজের প্রতিটি স্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় নেতৃত্ব একসাথে কাজ করলে একটি মানবিক, নিরাপদ ও শিশুবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত সুধীজনরা কলমাকান্দাকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর, নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে বেড়ে উঠতে পারবে।
এই আয়োজনকে অংশগ্রহণকারীরা শুধুমাত্র একটি আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে নয়, বরং একটি মানবিক আন্দোলনের সূচনা হিসেবে দেখছেন যা কলমাকান্দার সামাজিক পরিবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
Leave a Reply