কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হায়াতুল্লাহ (৪৮) নামের এক ব্যক্তির প্রাণ ঝরে গেছে। আহত হয়েছেন তার পরিবারের আরও তিনজন সদস্য। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের হীরাকান্দা এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
জানা যায়, হায়াতুল্লাহ পরিবার নিয়ে একটি সিএনজিযোগে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু পথের মাঝেই নেমে আসে মৃত্যুর নির্মম ছায়া। বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ সিএনজিটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। আঘাত এতটাই ভয়াবহ ছিল যে, তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনায় আহত হন তার স্ত্রী খাদিজা আক্তার (৩৮), মেয়ে সুরাইয়া আক্তার (১২) ও ছেলে সালমান (১০)। তবে ভাগ্যক্রমে অক্ষত থাকে মেয়ে রুকাইয়া আক্তার (১৭) ও শিশু জুয়াইরা (২)।
স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক হায়াতুল্লাহকে মৃত ঘোষণা করেন।
একটি ঈদের আনন্দঘন সময়, একটি পরিবারের হাসি মুহূর্তেই পরিণত হলো শোকে। যে মানুষটি পরিবারের জন্য পথে নেমেছিলেন, তিনি আর ঘরে ফিরলেন না। রাস্তায় পড়ে রইল শুধু একরাশ আর্তনাদ, আর কিছু না বলা গল্প।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি বেপরোয়া যান চলাচল আর অবহেলাই কেড়ে নিচ্ছে এমন তাজা প্রাণ। এখন প্রশ্ন একটাই আর কত প্রাণ গেলে থামবে এই মৃত্যুর মিছিল?
Leave a Reply