দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৭ নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানো প্রার্থীরা হলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোঃ আলকাছ উদ্দীন মীর, জাতীয় পার্টির আনোয়ার হোসেন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ আব্দুল মান্নান সোহাগ, জেএসডি’র ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেন।
নির্বাচন কমিশনের পরিপত্র বা তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে দুর্গাপুর উপজেলার ৬১ ও কলমাকান্দা উপজেলার ৬৩টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ৫৩ হাজার ৮৯ জনের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩০ হাজার ২৪৯ জন এবং নারী ভোটার ২ লাখ ২২ হাজার ৮৩৬ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।
আসনটিতে মোট ভোট পড়েছে ২ লাখ ৫৭ হাজার ৯২১ টি। বাতিল ভোট ৬ হাজার ৪২৫টি। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৫১ হাজার ৪৯৬ টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৭.৩। সে অনুযায়ী একজন প্রার্থীর জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল ৩১ হাজার ৪৩৭ ভোট। এখানে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬জন প্রার্থীর মধ্যে বিএনপি ও ১১ দলীয় জোটের প্রার্থী তাঁদের জামানত রক্ষা করতে পেরেছেন।
এই আসনে বাকি ৪ জন প্রার্থীর মধ্যে মো. আলকাছ উদ্দিন মীর (কাস্তে প্রতিকে) ৪,৩৫৮, মো. আব্দুল মান্নান (হাতপাখা প্রতিকে) ২,২০১, মো. আনোয়ার হোসেন খান (লাঙ্গল প্রতিকে) ১,০০৭ এবং মো. বেলাল হোসেন (তারা প্রতিকে) ৩৩৪ ভোট পাওয়ায় ওই চার প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে বলে জানিয়েছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আফরোজা আফসানা।
Leave a Reply