দিগন্ত ডেক্স : দীর্ঘ ৩৫ বছর চাকরিজীবনের পর সহকারী শিক্ষক আব্দুল জলিলকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা দেওয়ার পর ঘোড়ার গাড়িতে করে রাজকীয়ভাবে পুরো শহর ঘুরিয়ে বাড়িতে পৌঁছে দেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) তাকে কর্মস্থলে এভাবেই চাকরিজীবনের বিদায় জানানো হয়।
আব্দুল জলিল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালের সহকারী শিক্ষক ছিলেন। তিনি বিজ্ঞান বিভাগে পাঠদান করতেন।
তার অসাধারণ পাঠদানের কারণে সবার সঙ্গে গড়ে ওঠেছে প্রীতি আর ভালোবাসার নিবিড় সম্পর্ক। তাই বিদায়ের দিনে হাজির হন প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ।
শিক্ষার্থী রবিন বলে, জলিল স্যার অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি আমাদের বাবার তো সব সময় আদর ও মমতা দিয়ে পাঠদান করতেন। স্যারের বিদায় হলো। ভালো একজন স্যারকে স্কুল থেকে হারালাম। আমরা স্যারের দীর্ঘায়ু কামনা করি।
শিক্ষক আইয়ুব আলী ও ওবায়দুল হক বলেন, আমরা একজন ভালো সহকর্মীকে বিদায় দিলাম। তিনি আমাদেরকে সব সময় ভালো বিষয়ে পরামর্শ দিতেন। আমাদের সঙ্গে তিনি সবসময় ভালো আচরণ করতেন। তিনি সবসময় আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করতেন। তার শূন্যতা জানি না পূরণ হবে কি না। আমরা দোয়া করি, তিনি সবসময় ভালো থাকুক।
বিদায়ী শিক্ষক আব্দুল জলিল বলেন, কখনো কল্পনা করতে পারিনি এত সম্মান ও বর্ণাঢ্য আয়োজনে আমার বিদায় হবে। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আমি ধন্য। সেইসঙ্গে আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও সবার জন্য নামাজ পড়ে দোয়া করব।
Leave a Reply