কলমাকান্দা (নেত্রকােনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী দোকানিরা ।
শনিবার দিবাগত ১টার দুইটার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা বাজারের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রবিবার বিকেলে ইউএনও দায়িত্বে থাকা সহকারি সহকারি কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তাৎক্ষণিক তিনি ক্ষতিগ্রস্ত ৯ ব্যবসায়ীর প্রত্যেককে নগদ ৭ হাজার করে টাকা ও বিভিন্ন খাদ্য সামগ্রী দেন।
অন্যান্য সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে-প্রত্যেককে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি পেয়াজ, ২ কেজি আলু, পোলাও চাল, সেমাই ও গায়ে মাখার সাবান ইত্যাদি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা বাজারের শনিবার দিবাগত রাত ১টার দিকে একটি মনোহারি দোকানে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন পাশের অন্য মনোহারি দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পানি ছিটিয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ করেন। এতে ওই বাজারের আশপাশের অনেক দোকানঘর আগুনের ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
প্রত্যক্ষদর্শী গাড়ি চালক হান্নান বলেন, বাজারে প্রথমে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার করি। ডাক চিৎকারে বাজারের আশপাশের লোকজন ছুটে আসেন। পানি ছিটিয়ে ব্যাপক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ছুটে এসে পানি ছিটিয়ে নেভানোর চেষ্টা করি। আশপাশের লোকজনও আগুন নেভাতে চেষ্টা চালায়। দীর্ঘ সময় পর চগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকানে সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঈদ উপলক্ষে দোকানে বেশি করে মালামাল তুলেছিলাম। সবই আগুনে পুড়ে শেষ হয়ে গেল। এতে আমার প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।
কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ লিডার আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ইউএনও দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে রবিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও তাদেরকে ও নানা ধরণের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
Leave a Reply