দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স কে আবেগঘন পরিবেশে বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা শিল্পকলা একাডেমি। মঙ্গলবার রাতে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার:) পারভিন আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, এডভোকেট মানেশ চন্দ্র সাহা প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারি, উপজেলা সমবায় অফিসার বিজন কান্তি ধর, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন প্রমুখ।
বক্তারা বলেন, ইউএনও মো. আরিফুল ইসলাম প্রিন্স একজন দক্ষ কর্মী। তিনি কাজের প্রতি খুবই আন্তরিক। সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সকল কাজ করেছেন। যে কেউ তার এই দক্ষতার জন্য তাকে শ্রদ্ধা করতেন। আশা করি নতুন কর্মস্থলে গিয়েও এই সুনাম অক্ষুন্ন রাখবেন।
ইউএনও মো. আরিফুল ইসলাম প্রিন্স বলেন, এখানকার মানুষ খুবই আন্তরিক। ফলে সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পেরেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ইউএনও আরিফুল ইসলাম বদলী জনিত কারনে ইশ্বরগঞ্জের ইউএনও হিসেবে যোগদান করেছেন। এর আগে নেত্রকোনা জেলা প্রশাসন, দুর্গাপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, অফিসার্স ক্লাব, দুর্গাপুর প্রেসক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন ইউএনও মো. আরিফুল ইসলাম প্রিন্স কে বিদায় জানান।
Leave a Reply